নওগাঁয় ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৫, মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১০ জন মাদক কারবারিসহ মাদক সংশ্লিষ্ট মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার মহাদেবপুর, মান্দা, পোরশা, পত্নীতলা ও নিয়ামতপুর থানাসহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে ৬১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০ পিস ইয়াবা এবং পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

এর মধ্যে ডিবি পুলিশের অভিযানে ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মান্দায় ২৪টি ট্যাপেন্টাডল ও ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

পোরশা থানার অভিযানে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করে ধ্বংস করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়ামতপুরে ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন এবং পত্নীতলায় পৃথক দুটি অভিযানে ৩৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া মাদক সেবনের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলার সর্বত্র মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক নির্মূলে পুলিশকে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com