ডেঙ্গু প্রতিরোধে শরণখোলায় তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬'-এর অংশ হিসেবে বাগেরহাটের শরণখোলায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযানের সূচনা করা হয়।
কর্মসূচির শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে উপস্থিত অতিথিবৃন্দের সরাসরি অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজোয়ান ইফতেখার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
রোকেয়া খানম অফিসার ইনচার্জ (ওসি) শরণখোলা থানা,আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত সভাপতি উপজেলা বিএনপি
মাওলানা রফিকুল ইসলাম কবির আমির উপজেলা জামায়াতে ইসলামী।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু কেবল প্রশাসনিক উদ্যোগে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; এর জন্য সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে জরুরি। বক্তারা নিজ নিজ বসতবাড়ি ও চারপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, শরণখোলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মইন উদ্দিন এবং উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি কাজী সরোয়ার বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকবৃন্দ।