নওগাঁয় ডোবার পানিতে পড়ে যুবকের মৃত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় ডোবার পানিতে পড়ে শামসুদ্দীন আহমেদ রকি (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে আত্রাই উপজেলার পাঁচপাকিয়া গ্রামে বাড়ির পাশের কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুদ্দীন আহমেদ রকি উপজেলার পাঁচপাকিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে রকি বাড়ি সংলগ্ন নিজস্ব কলাবাগানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। কাজের একপর্যায়ে তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে পাশের একটি ডোবার পানিতে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।