বাহুবলে হাসপাতাল কোওর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত, বেসরকারি ক্লিনিক পরিদর্শন ও ডেঙ্গু প্রতিরোধে লার্ভা ধ্বংস
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ এএম
হবিগঞ্জ প্রতিনিধি:(আজিজুর রহমান)
হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল কোওর্ডিনেশন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সোমবার (০৯ সেপ্টেম্বর ১২ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালের সেবামূলক কার্যক্রমের মানোন্নয়নে নানামুখী দিকনির্দেশনা প্রদান করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস হাসপাতালের সার্বিক সেবার মান বৃদ্ধি, রোগীদের সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ উন্নত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
কোওর্ডিনেশন কমিটির সভা শেষে সিভিল সার্জন বাহুবল উপজেলার বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ক্লিনিকগুলোর সেবার মান, লাইসেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা যাচাই করেন এবং সরকারি নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠান পরিচালনার তাগিদ দেন।
এদিকে, বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এরই অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ব টেকনিশিয়ানের নেতৃত্বে একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন স্থানে এডিস মশার লার্ভা শনাক্তে অভিযান চালায়।
অভিযানকালে লার্ভা জন্মানোর বিভিন্ন সম্ভাব্য উৎস ও প্রজননস্থল ধ্বংস করা হয় এবং স্থানীয় জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।