সস্ত্রীক বিদেশ সফরে এমপি রায়হান সিরাজী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
রফিকুল ইসলাম সাবুল :রংপুর প্রতিনিধি
মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইন সফর এবং পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক বিদেশ সফরে যাচ্ছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। ১৩ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত তাঁর এই সফর চলবে।
সফরসূচি অনুযায়ী, তিনি প্রথমে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইন সফর করবেন। পরে সৌদি আরবে অবস্থান করে পবিত্র ওমরাহ পালন করবেন। সফরকালে তাঁর সহধর্মিণীও সঙ্গে থাকবেন।
সফরের সব কর্মকাণ্ড সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করে নিরাপদে দেশে ফিরে এসে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন রংপুর-১ আসনের এই সংসদ সদস্য।
এক বার্তায় তিনি তাঁর নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীর কাছে নিজের ও তাঁর সহধর্মিণীর জন্য দোয়া কামনা করেছেন।
মো. রায়হান সিরাজী বলেন, সফরের সব কর্মসূচি এবং পবিত্র ওমরাহ যেন সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে পারেন এবং নিরাপদে দেশে ফিরে এসে জনগণের পাশে থেকে সেবক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন—এ জন্য তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করছেন।
তিনি আরও বলেন, মহান আল্লাহ যেন দেশ ও জাতির কল্যাণে তাঁদের নেক প্রচেষ্টা ও আমল কবুল করেন এবং সবাইকে তাঁর রহমত ও হেফাজতের চাদরে সার্বক্ষণিক আবৃত রাখেন।
সবার দোয়া কামনা করে তিনি বলেন, “মহান রব আমাদের নেক প্রচেষ্টা ও আমল কবুল করুন এবং সকলকে তাঁর রহমত ও হেফাজতে রাখুন। আমিন।”