শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ | ১৩ সেপ্টেম্বর
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে একটি সামাজিক ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা ।
আজ রোববার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
খাদ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী করে তুলতে এবং তাদের শিক্ষা জীবন সহজ করতে সরকার বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে । কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও সরকার কাজ করছে ।
তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নত হলে দেশ এগিয়ে যাবে । শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে । এ জন্য পরিবার, শিক্ষক ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানানো হয় । একই সঙ্গে শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখার আহ্বান জানানো হয় ।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফরিদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ।