মাধবপুরে সড়ক দুর্ঘটনা: মাজারে যাওয়ার পথে অটোরিকশা উল্টে ব্যবসায়ী নিহত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম
হবিগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মনতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব (৫০) নিহত হয়েছেন। আজ বেলা ১১টার দিকে উপজেলার সাতছড়ি-চাকলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত দুলাল দেব মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের মৃত মনমোহন দেবের ছেলে। তিনি মনতলা বাজারের একজন সুপরিচিত ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে দুলাল দেব একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে হযরত নাসির উদ্দিন সিপাহসালার (র.) মাজারে জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পথিমধ্যে সাতছড়ি-চাকলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নিহতের মৃতদেহ উদ্ধার করে।
এদিকে, মনতলা বাজারের বিশিষ্ট এই ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।চুনারুঘাট থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, দুর্ঘটনা কবলিত যানটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।