সোনারগাঁও সনদ ছাড়া পশু চিকিৎসকের জরিমান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ এএম
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভুল চিকিৎসায় গরু মারা যাওয়ার ঘটনার অভিযোগের ভিত্তিতে এক পশু চিকিৎসকের প্রতারণা প্রমানিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) এক খামারির গরু ভুল চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগের পর বিষয়টি তদন্তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় চিকিৎসক হিসেবে নিশিত ঘোষের কোনো সনদ বা অনুমোদন না থাকার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়।
পরে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০০৯ অনুযায়ী তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে দুই দিনের কারাদণ্ড এবং পৃথকভাবে তিন দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত নিশিত ঘোষের (৪৯) বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ এলাকায়। তার বাবার নাম বামন ঘোষ।
অভিযানটি পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।
তিনি বলেন, “যথাযথ সনদ ও অনুমোদন ছাড়া গবাদিপশুর চিকিৎসা দেওয়া আইনসঙ্গত নয়। এ ধরনের অননুমোদিত চিকিৎসার কারণে পশুর জীবন ঝুঁকির মধ্যে পড়ার পাশাপাশি খামারিরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অননুমোদিত চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”