প্রতি বছরের মতো এবারও ঘিওরে আজিজুর রহমান কালু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুরু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :
প্রতি বছরের মতো এবারও মানিকগঞ্জের ঘিওরে শুরু হয়েছে আজিজুর রহমান কালু মিয়া স্মৃতি ফুটবল নকআউট টুর্নামেন্ট । শুক্রবার বিকেলে উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয় ।
বৈকুণ্ঠপুর ইয়ুথ ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার ১৬টি দল অংশ নিচ্ছে । চারটি গ্রুপে ভাগ হয়ে নকআউট পদ্ধতিতে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত খেলা চলবে । পরে দুই রানার্সআপ দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে ।
সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. আসাদুর রহমান মিঠুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ ।
উদ্বোধনী অনুষ্ঠানে মাসুদুর রহমান বলেন, আজিজুর রহমান কালু মিয়ার স্মরণে গত চার বছর ধরে এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং এলাকায় সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য ।
তিনি আরও বলেন, নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে ।
উদ্বোধনী ম্যাচে গড়পাড় মর্নিং স্টার ক্লাবের মুখোমুখি হয় ঘিওর বাঘুটিয়া আজাদ মুসলিম ক্লাব । নির্ধারিত সময়ে ১–১ গোলে ম্যাচটি ড্র হয়। পরে টাইব্রেকারে গড়পাড় মর্নিং স্টার ক্লাব জয় পায় ।