ক্যাশমেমো ছাড়া সার বিক্রি: গাইবান্ধায় দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম

গাইবান্ধা প্রতিনিধি:

ক্যাশমেমো ছাড়া সার বিক্রি এবং ক্যাশমেমোতে উল্লেখিত সারের পরিমাণের সঙ্গে প্রকৃত বিক্রিত সারের পরিমাণের অসঙ্গতি পাওয়ায় গাইবান্ধা সদর উপজেলার দুই বিসিআইসি সার ডিলারকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো—মেসার্স আতাউর রহমান ও মেসার্স সাইদার রহমান ট্রেডার্স। এর মধ্যে মেসার্স আতাউর রহমানকে ৩০ হাজার টাকা এবং মেসার্স সাইদার রহমান ট্রেডার্সকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষকদের কাছে সার বিক্রির সময় যথাযথভাবে ক্যাশমেমো প্রদান না করা এবং ক্যাশমেমোতে উল্লেখিত সারের পরিমাণের সঙ্গে প্রকৃত বিক্রিত সারের পরিমাণের অসঙ্গতি পাওয়া যায়। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার বিক্রিতে অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি ও কৃষকদের হয়রানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে সকল সার ব্যবসায়ীকে সরকারি বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com