ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে গণঅবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল ও নিরাপদ সড়কের দাবিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ডে গণঅবস্থান ও প্রতিবাদ মিছিল করা হয়েছে । সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ইং রোজ সোমবার, সময়: সকাল ১০.০০ ঘটিকা হতে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয় ।

কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, যাত্রী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন । এ সময় সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, চালকদের মাদক পরীক্ষা, যানবাহনের ফিটনেস নিশ্চিত এবং অতিরিক্ত যাত্রী বহন বন্ধের দাবি জানানো হয় ।

মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. খন্দকার তুহিন হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে বক্তারা বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন । সড়কটিতে দুর্ঘটনার ঝুঁকি কমাতে চালকের দক্ষতা ও লাইসেন্স যাচাই, নিয়মিত মাদক পরীক্ষা এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করা জরুরি ।

তুহিন খন্দকার বলেন, সেলফি পরিবহন নিয়ে যাত্রীদের বিভিন্ন অভিযোগ রয়েছে । এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত । 

বক্তারা বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের পুকুরিয়া এলাকায় সেলফি পরিবহনের দুর্ঘটনায় এ পর্যন্ত শতাধিক প্রাণ চলে গেছে । এছাড়াও প্রতিনিয়ত সড়কের বিভিন্ন জায়গায় সেলফি পরিবহন একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে চলেছে । জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে গণস্বাক্ষরিত স্মারকলিপি দেওয়া হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি ।

জেলা ছাত্রদলের সহসভাপতি মো. পীযূষ ফাইটার বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হলে পুরো পরিবার বিপর্যয়ের মুখে পড়ে। তাই দুর্ঘটনার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে দুর্ঘটনার ঝুঁকি আগে চিহ্নিত করে তা প্রতিরোধ করা জরুরি । তিনি বলেন, পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিতের দাবিতেই তাঁদের এ কর্মসূচি ।

পরে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রতিবাদ মিছিল বের করেন অংশগ্রহণকারীরা । মিছিলে ‘নিরাপদ সড়ক চাই’, ‘সেলফি পরিবহন বয়কট চাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় ।

কর্মসূচিতে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. চঞ্চল মিয়া, সহসভাপতি মো. মির্জা আব্বাস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাকিব মিয়া, সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. রমজান আলী, সহসভাপতি মো. আলমাস মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

বক্তারা সেলফি পরিবহনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কে সব ধরনের যানবাহনের চলাচলে আইন ও শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানান ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com