মাধবপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম
হবিগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় এনা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে রতনপুর ম্যাটাডোর কোম্পানির দক্ষিণ-পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটমুখী এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৩-২৩৬২) এবং ঢাকামুখী একটি পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-ন-২২-১৫৫৭) মধ্যে ওই স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক পুরুষ ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।