গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় ৪ গ্রাম পুলিশকে পুরস্কৃত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

রফিকুল ইসলাম সাবুল :(রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় গত এক মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন অপরাধ দমনে থানা পুলিশকে সহযোগিতা করায় চার গ্রাম পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) গঙ্গাচড়া মডেল থানায় অনুষ্ঠিত সাপ্তাহিক গ্রাম পুলিশ হাজিরা প্যারেডে তাদের পুরস্কৃত করেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর।

পুরস্কারপ্রাপ্তরা হলেন,বেতগাড়ী ইউনিয়নের মহল্লাদার মো. কামরুজ্জামান দুলাল ও বিনয় চন্দ্র রায়, মর্নেয়া ইউনিয়নের দফাদার মো. আশিকুর রহমান সোনা এবং মহল্লাদার মো. মোস্তফা মিয়া।

থানা সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে গ্রাম পুলিশের সদস্যরা থানা পুলিশকে তথ্য ও অন্যান্য সহযোগিতা দিয়ে থাকেন। দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ ওই চারজনকে এ পুরস্কার দেওয়া হয়।

এ সময় ওসি আব্দুস সবুর গ্রাম পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

অপরাধ দমনে স্থানীয় পর্যায়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা অব্যাহত রাখার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান।

সাপ্তাহিক হাজিরা প্যারেডে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ সদস্য ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com