আশাশুনিতে টিপা মাছ খেয়ে মুদি ব্যবসায়ীর মৃত্যু, একই পরিবারের পাঁচজন অসুস্থ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম

বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা:

​সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল গ্রামে টিপা বা পটকা মাছ খেয়ে আজহারুল ইসলাম (৪০) নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর স্ত্রী, মা, ছেলে ও মেয়েসহ পরিবারের পাঁচজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বড়দল গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

​নিহত আজহারুল ইসলাম বড়দল গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে এবং বড়দল বাজারের একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নিজ বাড়িতে টিপা মাছ রান্নার পর পরিবারের সদস্যরা তা ভোজন করেন। খাওয়ার কিছুক্ষণ পরই তাঁরা একে একে অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে পরিবারের সবাইকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজহারুলের শারীরিক অবস্থার বেশি অবনতি হলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আজহারুলের পরিবারের অন্য সদস্যদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে। বাকিরা বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​স্থানীয় গণমাধ্যমকর্মী শরিফুজ্জামান শরীফ জানান, টিপা মাছ খাওয়ার বিষক্রিয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আজহারুলের আকস্মিক মৃত্যুর খবর তাঁর গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বর্তমানে নিহতের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

 

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com