ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মানিকগঞ্জের আনিছা লাবনী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় সারাদেশের মধ্যে সেরা ফলাফল অর্জন করে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেয়েছেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী আনিছা আক্তার লাবনী । সিজিপিএ-৪-এর মধ্যে ৩ দশমিক ৯৭ পেয়ে তিনি এ সম্মাননার জন্য নির্বাচিত হন ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছ থেকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও শিক্ষাবৃত্তির চেক নেন লাবনী ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ছয় বছরের ফলাফলের ভিত্তিতে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে সেরা ফলাফল অর্জনকারী ৩৭টি কলেজের ৫৭ জন শিক্ষার্থীকে এবার ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও শিক্ষাবৃত্তি দেওয়া হয় ।
লাবনী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের গণিত বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি হরিরামপুর উপজেলার দানিস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে আনিছা আক্তার লাবনী বলেন, “এই অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। শিক্ষক, পরিবার ও স্বজনদের সহযোগিতা ছাড়া এই সাফল্য অর্জন সম্ভব হতো না । ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করব।”
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ মাহফিল খান বলেন, লাবনীর এই অর্জনে তাঁরা গর্বিত। তাঁর মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার কলেজের জন্যও আনন্দের ।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ২০২৪ ও ২০২৫ সালের জন্য নির্বাচিত ১ হাজার ৫২৫টি কলেজের ৪ হাজার ৯২১ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন, আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের মেধাবী শিক্ষার্থীরাও রয়েছেন ।