সাংবাদিক পুলকের ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

নিজস্ব প্রতিবেদক :

দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ । সোমবার (১৪ সেপ্টেম্বর) তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে ওই টাকা জমা দেওয়া হয় ।

সমকালের বর্তমান বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন ।

এর আগে শুক্রবার সন্ধ্যায় নগরের প্যারারা রোডে সমকালের বরিশাল কার্যালয় থেকে পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ । পরিবারের ভাষ্য, মৃত্যুর আগে তিনি পাঁচটি চিরকুট লিখে গেছেন ।

পরিবার সূত্রে জানা যায়, একটি চিরকুটে সমকাল কার্যালয়ে গচ্ছিত থাকা তাঁর পাওনা টাকা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ করেছিলেন পুলক । এর তিন দিন পর তাঁর স্ত্রীর ব্যাংক হিসাবে ১০ লাখ টাকা জমা দেওয়া হয় ।

২০২৩ সালের মে মাসে পুলক চ্যাটার্জিকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয় । এরপর তিনি বেকার ছিলেন। চাকরি হারানোর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা ।

পুলক চ্যাটার্জি একসময় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন । দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বরিশালের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন । মৃত্যুকালে তিনি স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জি ও একমাত্র কন্যা প্রকৃতিকে রেখে গেছেন ।

পরিবারের ভাষ্য, স্ত্রী ও কন্যার উদ্দেশে লেখা চিরকুটে পুলক তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন । ছোট ভাই দীপক চ্যাটার্জিকে স্ত্রী ও সন্তানকে দেখভালের অনুরোধও জানিয়েছেন তিনি ।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে । তবে উদ্ধার হওয়া চিরকুটগুলোর সত্যতা যাচাই ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com