পঞ্চগড়ে স্কুলছাত্রীর বি/ষ/পানে মৃ/ত্যু, অপহরণ-ধ/র্ষ/ণের অভিযোগে দুই আসামি গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড় | ১৫ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে ইজিবাইকে একা পেয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে অশোভন আচরণ ও অপহরণ-ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বিষপান করা ওই স্কুলছাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার অভিযোগ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই স্কুলছাত্রী ইজিবাইকে করে যাওয়ার সময় চালক ও দুই যাত্রী তার সঙ্গে অশোভন আচরণ করেন। একপর্যায়ে পরিস্থিতি বুঝতে পেরে তিনি চলন্ত ইজিবাইক থেকে লাফিয়ে নামেন। পরে স্থানীয় এক টলি চালকের সহযোগিতায় তিনি সেখান থেকে রক্ষা পান।
ঘটনার পর বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার ভাই তাকে বাড়িতে নিয়ে যান। পরদিন সকালে ওই স্কুলছাত্রী বিষপান করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় গত ১৩ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় সোহেলসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন ওই স্কুলছাত্রীর বড় ভাই। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে। তবে মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর তার মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মামলার বাকি আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজওয়ানুল্লাহ বলেন, বিষপানের পর ওই স্কুলছাত্রীকে হাসপাতালে আনা হয়েছিল। পরে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের বিষয়টি জানা যায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্যও তদন্ত চলছে।