মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় হেরোইন সেবনে যুবকের ৬ মাসের কারাদণ্ড
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় হেরোইন সেবনের দায়ে মো. আশিক (২৩) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শেখরীনগর (মধ্যপাড়া) গ্রামে আশিকের বাড়িতে অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ।
উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালায় । এ সময় আশিকের কাছ থেকে হেরোইন সেবনের উপকরণ হিসেবে একটি ম্যাচলাইট, ১০ টাকার মোড়ানো নোট, এক টুকরা রাংতা ও একটি বোতলের ক্যাপ জব্দ করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, হেরোইন সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ অনুযায়ী তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে ।