ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকে ধাক্কা লেগে ডোবায় হানিফ পরিবহনের বাস, আহত-২০
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে হানিফ পরিবহনের একটি বাস সড়কের পাশের ডোবায় পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন । আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার পাটুরিয়া রাস্তার গোলায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ঢাকাগামী বাসটি পাটুরিয়া ঘাট পার হয়ে সামনে থাকা একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে । এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায় ।
দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ থেকে ৪২ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে । খবর পেয়ে নবগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় । আহত ১৩ জনকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।
নবগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের লিডার জাহিদ বলেন, দুর্ঘটনার পর একজন যাত্রী নিখোঁজ থাকার খবর পাওয়া গেলেও পরে তাঁকে হাসপাতালে পাওয়া যায় । আর কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা নিশ্চিত হতে তল্লাশি চালাচ্ছে ডুবুরি দল ।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি । ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছেন ।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ হারুন-অর-রশিদ জানিয়েছেন, গুরুতর আহতের সংখ্যা ৯ জন সহ অন্যান্য আহতদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।