দেবহাটায় ডাকাতের গুলিবর্ষণ, লুটের মালামাল ফেলে পালাল ডাকাত দল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিলকুড়া গ্রামে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির পর পালানোর সময় গ্রামবাসীর ধাওয়ার মুখে নিজেদের রক্ষা করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে ডাকাত দলের সদস্যরা। তবে এতে আতঙ্কিত না হয়ে স্থানীয়রা আরও জোরালোভাবে ধাওয়া করলে লুট করা মালামাল ফেলে অন্ধকারে পালিয়ে যায় তারা। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার পর একদল সশস্ত্র ডাকাত তিলকুড়া গ্রামে ডাকাতি শেষে লুট করা মালামাল নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসী তাদের ধাওয়া করেন। 

গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালানোর সময় ডাকাত দলের সদস্যরা পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে গুলিবর্ষণ উপেক্ষা করে গ্রামবাসী সংঘবদ্ধভাবে তাদের ধাওয়া অব্যাহত রাখেন। 

একপর্যায়ে ডাকাতরা লুট করা মালামাল ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাটি দেবহাটা থানা পুলিশকে জানান। 

খবর পেয়ে দেবহাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ফেলে যাওয়া মালামাল উদ্ধার করে জব্দ করে। 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা মালামাল উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com