মহাদেবপুরে পানি নিষ্কাশন নিয়ে বিরোধ, বৃদ্ধাকে মারধর ও স্বর্ণের দুল লুটের অভিযোগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে বিরোধের জেরে দিলজান বেওয়া (৬০) নামে এক বৃদ্ধাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে দুই নারীর বিরুদ্ধে। একই ঘটনায় তাঁর কানের প্রায় দুই আনা ওজনের স্বর্ণের দুল হারিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মো. আব্দুস সামাদ মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভীমপুর ইউনিয়নের ভীমপুর উত্তরপাড়া এলাকায় আব্দুস সামাদ ও অভিযুক্ত ফাহিমা বেগমের বাড়ি পাশাপাশি। দুই বাড়ির মাঝের একটি স্থান দিয়ে বৃষ্টির পানি প্রবাহিত হওয়া নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।

আব্দুস সামাদের অভিযোগ, গত ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মেয়ে শারমিন গর্তে জমে থাকা পানি বালতি দিয়ে সরানোর সময় ফাহিমা বেগম ও তাঁর মেয়ে রুবাইয়া খাতুন বাঁশের লাঠি নিয়ে সেখানে এসে গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁরা আব্দুস সামাদের মা দিলজান বেওয়াকে লাঠি দিয়ে মারধর করেন।

এতে দিলজান বেওয়ার বাম কান ও হাতের তালুর উল্টো পাশে রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মারধরের সময় তাঁর কানে থাকা প্রায় দুই আনা ওজনের স্বর্ণের দুল পড়ে গিয়ে হারিয়ে যায় বলেও দাবি করা হয়েছে।

পরে পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগকারীর দাবি। আহত দিলজান বেওয়াকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে ফাহিমা বেগম মোবাইল ফোনে বলেন, আব্দুস সামাদের পরিবারের লোকজন তাঁদের বাড়ির সামনে জমে থাকা পচা ও দুর্গন্ধযুক্ত পানি আমার বাড়ির রাস্তার ফেলছিলেন। নিষেধ করলে তাঁরা তাঁর ওপর চড়াও হন। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

কানের দুল হারানোর বিষয়ে ফাহিমা বেগম বলেন, কার হাত লেগে দিলজান বেওয়ার কান কেটে দুল খুলে পড়ে গেছে, তা তাঁরা জানেন না। তবে দুলটি দিলজান বেওয়া ও তাঁর নাতনি মাটি থেকে তুলে নিয়েছেন বলে তিনি দাবি করেন।

উভয় পক্ষই জানিয়েছে, ঘটনার সময় স্থানীয়দের কেউ সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

মহাদেবপুর থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com