মসলিন থেকে কাঁঠাল, মাছের গতি বাড়াতেও জীবপ্রযুক্তির প্রয়োগ: জাবিতে অধ্যাপক তফাজ্জল ইসলাম

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

জাবি প্রতিনিধি:

বাংলাদেশের খাদ্যব্যবস্থা ও কৃষিকে আরও টেকসই ও আধুনিক করতে জীবপ্রযুক্তির (বায়োটেকনোলজি) সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. তফাজ্জল ইসলাম। তিনি তাঁর গবেষণার বিভিন্ন দিক তুলে ধরে বাংলার ঐতিহ্যবাহী মসলিন পুনরুদ্ধার, মাছের সাঁতারের গতি বাড়ানো এবং সারা বছর কাঁঠাল উৎপাদনের সম্ভাবনার কথা জানান।

মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীবপ্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের সেমিনার কক্ষে ‘হাউ বায়োটেক ট্রান্সফর্মস বাংলাদেশ’স ফুড সিস্টেমস অ্যান্ড বায়োইকোনমি’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

সেল জেনেটিকস অ্যান্ড প্ল্যান্ট বায়োটেকনোলজি ল্যাবরেটরি, বিজিই বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের বায়োটেক ক্লাব যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।

অধ্যাপক মো. তফাজ্জল ইসলাম বর্তমানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের Faculty of Graduate Studies-এর ডিন এবং Institute of Biotechnology and Genetic Engineering (IBGE)-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সেমিনারে তিনি জীবপ্রযুক্তির মাধ্যমে খাদ্যনিরাপত্তা, কৃষি ও দেশের উদীয়মান বায়োইকোনমিতে নতুন সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তাঁর গবেষণার প্রসঙ্গ তুলে ধরে তিনি বাংলার ঐতিহ্যবাহী মসলিনকে পুনরুদ্ধারের উদ্যোগের কথা জানান। পাশাপাশি ইলিশ মাছের গাটে (পরিপাকতন্ত্রে) পাওয়া মাইক্রোব অন্য মাছের ওপর প্রয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। তাঁর উপস্থাপনায় তেলাপিয়া মাছের ক্ষেত্রে এ ধরনের মাইক্রোব প্রয়োগ করে সাঁতারের গতি বাড়ানোর সম্ভাবনার কথা উঠে আসে।

বারোমাসি কাঁঠালগাছ নিয়েও গবেষণার তথ্য তুলে ধরেন অধ্যাপক তফাজ্জল ইসলাম। তিনি জানান, নির্দিষ্ট বৈশিষ্ট্যের কাঁঠালগাছের মাধ্যমে সারা বছর ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন একটি গাছে বছরে ২০০টির বেশি কাঁঠাল উৎপাদনের সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেন।

সেমিনারে জীবপ্রযুক্তির বৈজ্ঞানিক প্রয়োগের পাশাপাশি বাংলাদেশের কৃষি, খাদ্যব্যবস্থা ও অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকেরা এতে অংশ নেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com