অনিয়ম প্রকাশ পাওয়ার পর ফোন ধরেননা বান্দরবান জেলা পরিষদের সিইও নজরুল ইসলাম

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

বান্দরবান প্রতিনিধি:

পার্বত্য জেলা বান্দরবানে সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বাস্তবায়নাধীন প্রায় ৪৫ কোটি টাকার প্রকল্পে নানা অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ কাগজে-কলমে শতভাগ সম্পন্ন দেখিয়ে বরাদ্দের পুরো অর্থ উত্তোলন করা হলেও মাঠপর্যায়ে প্রকল্পের অধিকাংশ কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। 

এদিকে, প্রকৌশলী না হয়েও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নজরুল ইসলামকে প্রকল্পটির প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রকৌশলী না হয়েও একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে কীভাবে পানি ও স্যানিটেশন অবকাঠামো নির্মাণসংক্রান্ত প্রকল্পের প্রকল্প পরিচালক করা হলো—এ নিয়ে প্রশ্ন রয়ে গেছে এখনো।

এইসব অনিয়মের প্রতিবেদন প্রকাশের আগে ও পরে স্থানীয় কয়েকজন সাংবাদিক একাধিকবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের অফিসে গেলেও তাকে পাননি। এবং তার অফিসিয়াল মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তুলেননি। জনশ্রুতি রয়েছে তিনি পরিচিত কাছের লোক ছাড়া কারো ফোন সচারাচর তুলেননা।

গত ১৬ আগষ্ট রোববার অফিস চলাকালীন সময়ে মুখ্য নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামকে না পেয়ে তার সিএ সুজিত কুমার বড়ুয়া-কে ফোন করা হলে তিনি জানান, চিফ স্যার জেলা পরিষদের রেস্ট হাউজে বিশ্রাম করছেন। 

তিনি কি ছুটি নিয়েছেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সুজিত বলেন, ছুটি নেন নি তবে স্যার অসুস্থ তায় রেস্ট হাউজে বিশ্রাম করছেন। 

পরিষদের একটি সূত্র জানিয়েছেন, নিয়মিত অফিস করেননা মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। বেশিরভাগ সময়ই থাকেন জেলার বাইরে। 

জানাযায়, সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ৪৫ কোটি টাকা লোপাটের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে আলোচনায় আসেন এই কর্মকর্তা। প্রকল্পটির পরিচালকের দায়িত্বে আছেন নজরুল। কাগজে কলমে শতভাগ কাজ দেখিয়ে লোপাট করেছেন প্রকল্পের অর্থ। অথচ কাজ হয়নি ৪ শতাংশও।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com