পঞ্চগড়ে ৫ বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থীকে স্কাউট প্রশিক্ষণ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড় | ১৭ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দায়িত্বশীলতা বিকাশে দিনব্যাপী স্কাউট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সদর উপজেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের ১১০ জন শিক্ষার্থী ও স্কাউট প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।
বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া সিপাইপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় সদর উপজেলা শাখার আয়োজনে এবং মাগুড়া সিপাইপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ‘দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়।
কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় সদর উপজেলা শাখার সম্পাদক মো. তাহেরুল ইসলাম এবং বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির লিডার ট্রেনার প্রতিনিধি দীপক চন্দ্র সরকার (এলটি)। স্বাগত বক্তব্য দেন মাগুড়া সিপাইপাড়া উচ্চ বিদ্যালয়ের ইউনিট লিডার মো. আরিফ আল হাসান।
এ সময় মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ করিম মণ্ডল, মাগুড়া সিপাইপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিল হোসেনসহ শিক্ষক, স্কাউট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করাই এ ধরনের প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ, নেতৃত্ব, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে।
দিনব্যাপী প্রশিক্ষণে শিক্ষার্থীদের স্কাউটিংয়ের বিভিন্ন বিষয়, দলগত কার্যক্রম, নেতৃত্ব ও দায়িত্ব পালনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের বিষয়ে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চগড় সদর উপজেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের ১১০ জন শিক্ষার্থী ও স্কাউট প্রশিক্ষণার্থী অংশ নেয়। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষাজীবনের পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে যুক্ত হলে শিক্ষার্থীদের নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সামাজিক দায়িত্ববোধ বিকাশের সুযোগ তৈরি হয়। নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা আরও বাড়বে বলে প্রত্যাশা আয়োজকদের।