ভেজাল খাদ্যপণ্য: সৈয়দপুরে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম
রফিকুল ইসলাম সাবুল, রংপুর প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্প ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সৈয়দপুর থানার দক্ষিণ সোনাখালী সরকারপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় এনার্জি ডাবল প্লাস দই-এর স্বত্বাধিকারী মো. আহাদকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির ঠিকানা দক্ষিণ সোনাখালী সরকারপাড়া, সৈয়দপুর, নীলফামারী।
একই অপরাধে হিরা ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির ঠিকানা বানিয়াপাড়া, সৈয়দপুর, নীলফামারী।
এসআরবি-১৩ জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
অবৈধ মজুতদারি ও খাদ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতাও চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।