সাটুরিয়া উপজেলায় মাদকাসক্ত অবস্থায় বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম
সোহেল রানা খন্দকার, প্রতিনিধি :
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মো. সুমন মিয়া (৩৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ শিমুলিয়া এলাকায় এ অভিযান চালানো হয় । দণ্ডপ্রাপ্ত সুমন মিয়া ওই এলাকার চুন্নু মিয়ার ছেলে ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিনষ্টের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।