যাত্রী উঠানামায় ৫ টাকা নির্ধারণ উপজেলা প্রশাসনের

শিক্ষার্থীদের ইউনিফর্ম আর বৈধ আইডি কার্ডে মিলবে অর্ধেক ভাড়া: উপজেলা প্রশাসন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-ঃ 

স্কুল-কলেজ কিংবা মাদ্রাসার শ্রেণি কার্যক্রম চলাকালীন সময়ে গণপরিবহনে চলাচলরত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত 

ইউনিফর্ম পরিহিত অথবা বৈধ আইডি কার্ডধারী হলে তাদের কাছ থেকে অর্ধেক ভাড়া গ্রহণসহ একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করে 

উপজেলা প্রশাসন বোয়ালখালী। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন বোয়ালখালীর উদ্যোগে আয়োজিত "সিএনজির ভাড়া, যাত্রীসেবা ও গণপরিবহন ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এই নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। 

সভায় সিএনজিতে যাত্রী উঠানামা ও সিও অফিস থেকে গোমদন্ডি ফুলতল পর্যন্ত ৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। এছাড়া প্রতিটি সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করার বাধ্যকতা আরোপ পূর্বক আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে সকল গাড়িতে ভাড়ার তালিকা স্থাপন নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় ২১ সেপ্টেম্বর থেকে ভাড়ার তালিকা না থাকা গাড়ির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি প্রদান করেন উপজেলা প্রশাসন। 

সভায় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করা এবং যাত্রীদের সঙ্গে শালীন, ভদ্র ও দায়িত্বশীল আচরণ করার জন্য সকল সিএনজি চালককে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া নির্ধারিত ভাড়া ও সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ সকল সিএনজি চালক ও যাত্রীদের মধ্যে প্রচারের জন্য মালিক পরিবহন সমিতি ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয় যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় বা নির্ধারিত সিদ্ধান্ত অমান্যের অভিযোগ পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে 

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ 

ফাতেমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক আহবায়ক ইসহাক চৌধুরী, বিএনপি নেতা শহিদুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক আকরাম হোসেন দুলাল, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, এস. এম মোদাচ্ছের, বোয়ালখালী সিএনজি অটোরিকশা টেম্পু শ্রমিক ও মালিক সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান, শ্রমিকনেতা আবদুল সাত্তারসহ কালুরঘাট -ফুলতল, শাকপুরা, সিও অফিস, জোটপুকুর, কানুনগোপাড়া, দাশের দিঘী, বেংগুরাসহ উপজেলা ও পৌর এলাকার সকল সিএনজি টেক্সী চালক সমিতির প্রতিনিধি। 

এছাড়াও সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সিএনজি চালকবৃন্দ এবং সাধারণ যাত্রীগণের পক্ষে প্রায় ২শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় যাত্রীদের স্বার্থ, চালক ও মালিকদের ন্যায্যতা এবং সিএনজি পরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে উল্লেখিত সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়। সভায় উপস্থিত সকল পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যাত্রীবান্ধব, সুশৃঙ্খল ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com