পঞ্চগড়ে অপরাধ ও মাদক থেকে তরুণদের দূরে রাখতে পুলিশের কাবাডি প্রতিযোগিতা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড় | ১৬ সেপ্টেম্বর ২০২৬

কিশোর অপরাধ, মাদকাসক্তি ও অনলাইন জুয়ার মতো অপরাধপ্রবণতা থেকে তরুণদের দূরে রাখতে পঞ্চগড়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। তরুণদের খেলাধুলামুখী করতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সায়েম।

জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট ছয়টি দল অংশ নিয়েছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা।

উদ্বোধনী আয়োজন ঘিরে পুলিশ লাইন্স মাঠে খেলোয়াড়, পুলিশ সদস্য ও স্থানীয় দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দীর্ঘদিনের গ্রামীণ ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় এই খেলাকে কেন্দ্র করে তরুণদের মধ্যে নতুন করে উৎসাহও দেখা যায়।

জেলা পুলিশ জানিয়েছে, কিশোরদের অপরাধপ্রবণতা কমাতে শুধু আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক ও ইতিবাচক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করা প্রয়োজন। সেই লক্ষ্যেই খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক পরিবেশের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশের আয়োজকদের মতে, বর্তমানে মাদক, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়ার মতো বিভিন্ন ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড তরুণদের একটি অংশকে প্রভাবিত করছে। নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা গেলে তাদের অবসর সময়ের একটি বড় অংশ ইতিবাচক কাজে ব্যবহার করা সম্ভব।

এ ধরনের আয়োজনের মাধ্যমে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার হবে বলেও মনে করছে জেলা পুলিশ। একই সঙ্গে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও আস্থার সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ তৈরি হবে।

দুই দিনব্যাপী এই কাবাডি প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং মাদক, জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তাদের দূরে রাখতে এটি কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা আয়োজকদের।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com