দ্রব্যমূল্য-জ্বালানি সংকটের প্রতিবাদে গঙ্গাচড়ায় ১১ দলীয় ঐক্যের মিছিল
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পিএম
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে ঘোষিত ঢাকা-রংপুর লং মার্চকে স্বাগত জানিয়ে রংপুরের গঙ্গাচড়ায় মিছিল করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেতগাড়ী বাজারের ক্যাডেট মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেতগাড়ী জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন বেতগাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. শাহ আলম। পরে জিরো পয়েন্টে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন তিনি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঙ্গাচড়া শাখার সাবেক আমির মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, বেতগাড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল মুনিম ও এনসিপি নেতা মো. জীবন।
সমাবেশে বক্তারা দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারির প্রতিবাদ জানান। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-জ্বালানি ও সারের সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি তুলে ধরেন।
মিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
আরও পড়ুন
রাউজানে সার্বজনীন ঐতিহ্যের এক যুগ পূর্তিতে শ্রীশ্রী গণেশ পূজা
রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ
মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার