কারিগরি দক্ষতা ও ভাষাজ্ঞান বাড়ানোর আহ্বান মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীরের

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :

শিক্ষিত বেকারের সংখ্যা বাড়লেও বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা ও ভাষাজ্ঞানের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস । তার মতে, সময়োপযোগী কারিগরি শিক্ষা ও বিদেশি ভাষায় দক্ষতা বাড়ানো গেলে তরুণদের দেশ-বিদেশে দক্ষ কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং রেমিট্যান্সও বাড়তে পারে ।

মানিকগঞ্জ শহরের নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে ‘বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার গুরুত্ব’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, দেশে কারিগরি শিক্ষার তুলনায় সাধারণ শিক্ষার প্রতি আগ্রহ বেশি । ফলে বিএ, এমএসহ বিভিন্ন ডিগ্রি অর্জনের পরও অনেকে কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছেন না ।

তিনি আরও বলেন, কারিগরি দক্ষতা ও বিদেশি ভাষাজ্ঞান না থাকায় প্রবাসে গিয়ে বাংলাদেশের অনেক কর্মী শ্রমিকের কাজে যুক্ত হচ্ছেন । কিছু ক্ষেত্রে ভারত ও শ্রীলঙ্কার কর্মীদের অধীনেও বাংলাদেশি কর্মীদের কাজ করতে হচ্ছে বলে তিনি দাবি করেন । এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ।

বিদেশে দক্ষ কর্মসংস্থান ও রেমিট্যান্স বাড়াতে তরুণদের সময়োপযোগী কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি । পাশাপাশি কর্মসংস্থানের প্রয়োজন অনুযায়ী বিদেশি ভাষা শেখার সুযোগ বাড়ানোর আহ্বান জানান ।

ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন এফএনবি জেলা শাখার সভাপতি ও পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদ, ব্র্যাকের জেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল মজিদ জিয়া, সিআরপি মানিকগঞ্জ কার্যালয়ের কেন্দ্র ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম এবং এফএনবি মানিকগঞ্জ সদর উপজেলা সমন্বয়কারী ও অ্যাসেডের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম ।

সভায় ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ—এফএনবির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com