দৌলতপুরে পাটকাঠি শুকানো নিয়ে হামলার অভিযোগ, নারীসহ আহত ৩
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম
তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে জমিতে পাটকাঠি শুকানোকে কেন্দ্র করে বিরোধের জেরে এক নারী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তানজিয়ারা খাতুন (৫৫)সহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত তানজিয়ারা খাতুন ওই গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী।
আহতদের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, তানজিয়ারা খাতুন নিজের জমিতে পাটকাঠি শুকাতে গেলে তাঁর দেবর গাফফারের ছেলে হৃদয় (২৭), তরিকুলের ছেলে মাসুম (১৯), মেহেরের ছেলে মাহাবুল (৪০)সহ কয়েকজন সেখানে উপস্থিত হন। এ সময় পাটকাঠি শুকানো নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তানজিয়ারা খাতুনের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেন তাঁর স্বজনরা।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলাকারীরা বাঁশ দিয়ে আঘাত করলে তানজিয়ারার মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তবে স্বজনদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময়ও হামলাকারীরা সেখানে গিয়ে ফের হামলা চালায়। এ সময় আব্দুল হান্নানের ছেলে সজীব আহত হন। একই ঘটনায় তানজিয়ারার ছেলে ইনজালও আহত হয়েছেন বলে জানা গেছে।
দ্বিতীয় দফার হামলার সময় কয়েকজনের হাতে রড, হাতুড়ি ও কাঠের বাটাম ছিল বলেও অভিযোগ করেছেন আহতদের পরিবারের সদস্যরা।
ঘটনার বিষয়ে তানজিয়ারার ছেলে ইনজাল জানান, তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলার ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।