সাটুরিয়ায় পল্লী সঞ্চয় ব্যাংকের সবুজ উদ্যোগ, শতাধিক মানুষের মাঝে চারা বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :

মানিকগঞ্জের সাটুরিয়ায় পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘সবার আগে বাংলাদেশ: নির্বাচনী ইশতেহার ২০২৬’-এর অংশ হিসেবে ‘পল্লী সবুজায়ন কর্মসূচি’র আওতায় শনিবার সকালে এ কর্মসূচি পালন করা হয় ।

সাটুরিয়া উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ হোসেনের সভাপতিত্বে ব্যাংক প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির সভাপতি এবং সাবেক সচিব ডা. মো. জাহেদুল ইসলাম। তিনি একটি কাঁঠালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ।

এ সময় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম একটি নিমগাছ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম বহেড়া, পল্লী সঞ্চয় ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. ওয়ালিদ হোসেন পেয়ারা এবং শাখা তত্ত্বাবধান ও পরিদর্শন বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও বিভাগীয় মনিটরিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন একটি মেহগনিগাছের চারা রোপণ করেন ।

পরে ব্যাংকের শতাধিক সুফলভোগী সদস্য ও স্থানীয় মানুষের মধ্যে বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে রোপণ করা চারার যথাযথ পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তাঁরা ।

কর্মসূচিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com