পলাশবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম
রংপুর প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৩টা ১৫ মিনিটে পলাশবাড়ী থানাধীন রাইগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল পলাশবাড়ী ফায়ার সার্ভিসের প্রায় ১৫০ গজ দক্ষিণে রংপুর-বগুড়া মহাসড়কের বাম পাশে কলাবাগান সংলগ্ন একটি কালভার্টের নিচে অভিযান পরিচালনা করে।
এ সময় কালভার্টের পূর্ব পাশে একটি খাকি রঙের শপিং ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় লোহার তৈরি ট্রিগারযুক্ত একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।
এসআরবি জানায়, উদ্ধার করা ওয়ান শুটারগানটির ব্যারেলের দৈর্ঘ্য চার ইঞ্চি এবং বাটের দৈর্ঘ্য তিন ইঞ্চি।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্র ও গুলি জিডিমূলে গাইবান্ধার পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নবিপ্লব কুমার গোস্বামী।