ঠাকুরগাঁও পীরগঞ্জ ও দিনাজপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার, আটক ১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পিএম

মনসুর আহাম্মেদ, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও দিনাজপুরের বিরল সীমান্তে পৃথক দুটি অভিযানে ১৪ পিস ইয়াবা ও ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় ইয়াবাসহ মো. মুতাহার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

বিজিবি জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির চান্দেরহাট বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালান। এ সময় ১৪ পিস ইয়াবাসহ মো. মুতাহার হোসেন নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি জগন্নাথপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে। পরে আটক মুতাহার হোসেনকে উদ্ধার করা ইয়াবাসহ পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে একই দিন সন্ধ্যা ৬টা ২ মিনিটে ৪২ বিজিবির ভান্ডারা বিওপির সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার সুইহাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দুটি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ২৫ হাজার ২০০ টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com