নীলফামারী-গাইবান্ধায় ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ এএম

রফিকুল ইসলাম সাবুল :রংপুর প্রতিনিধি

নীলফামারী ও গাইবান্ধায় পৃথক অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ও ৭ দশমিক ৬ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসআরবি-১৩।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে নীলফামারী সদর উপজেলার বড় সংগলশী এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি দল। এ সময় আবু বকর সিদ্দিকের বাড়ির ভাড়াটিয়া মিন্টু দাসের বসতঘরের শয়নকক্ষ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অভিযানে মিন্টু দাস (২৮) ও মো. শাহিনুজ্জামান (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিন্টু দাস নীলফামারী সদর উপজেলার বড় সংগলশী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অপর আসামি শাহিনুজ্জামানের বাড়ি একই উপজেলার নতিবচাপড়া (সবুজপাড়া) এলাকায়।

অন্যদিকে, একই দিন বিকেল পৌনে ৫টার দিকে গাইবান্ধা পৌরসভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পাকা সড়কে অভিযান চালায় এসআরবি-১৩, সিপিসি-৩ গাইবান্ধার একটি দল। এ সময় ৭ দশমিক ৬ কেজি শুকনো গাঁজাসহ মো. মোতালেব ইসলাম ওরফে হৃদয় খান (৩৩) এবং মো. মাজাহারুল ইসলাম ওরফে শিকু মন্ডল (৩৪) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোতালেব ইসলাম গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা। অপর আসামি মাজাহারুল ইসলামের বাড়ি একই উপজেলার ভাটপাড়া গোপালপুর এলাকায়।

এসআরবি-১৩ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com