গড়াই নদীতে নৌকাবাইচ, বৈঠার ছন্দে মুখর দুই পাড়

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

দীর্ঘ বিরতির পর কুষ্টিয়ার গড়াই নদীতে ফিরেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নবাসীর উদ্যোগে ঘোড়াই ঘাট বড় বাজার সংলগ্ন এলাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী এ আয়োজন।

নৌকাবাইচকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই গড়াই নদীর দুই পাড়ে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। ঘোড়াই ঘাট থেকে হরিপুর ব্রিজ এলাকা পর্যন্ত দর্শনার্থীদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মাঝি-মাল্লাদের ছন্দময় বৈঠার টান, নৌকার তীব্র গতি আর দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে নদীর পাড়।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার প্রথম দিনে সাতটি নৌকা অংশ নেয়। কুষ্টিয়ার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা এ আয়োজনে অংশ নিয়েছেন। নৌকাবাইচ ঘিরে নদীর তীরে বসেছে গ্রামীণ মেলাও। সেখানে দেশীয় খাবার, খেলনা ও বিভিন্ন পণ্যের দোকান বসায় বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন। প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, হারিয়ে যেতে বসা গ্রামবাংলার লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি বাড়ানো এবং যুবসমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতে প্রতিবছর আরও বড় পরিসরে নৌকাবাইচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

এবারের প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে Yamaha FZ Version-2, দ্বিতীয় পুরস্কার Pulsar 150, তৃতীয় পুরস্কার Hero 100 এবং চতুর্থ পুরস্কার হিসেবে Walton ফ্রিজ দেওয়ার কথা রয়েছে। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি নৌকার জন্য বিশেষ পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি এলইডি টিভি দেওয়ার ঘোষণা রয়েছে।

আয়োজক কমিটির নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতায় অংশ নিতে নৌকার দৈর্ঘ্য কমপক্ষে ৫০ হাত হতে হবে। সিঙ্গেল বডি নৌকা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে আয়োজক কমিটির সর্বশেষ সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানানো হয়েছে।

তিন দিনব্যাপী এ আয়োজন আগামী ২০ সেপ্টেম্বর ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে গড়াই নদীর তীরে অনুষ্ঠিত এ ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করতে সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com