আশাপুর মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডুর লড়াই

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের আশাপুর বাজার মাঠে ঐতিহ্যবাহী এ খেলাকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ । মাঠজুড়ে দর্শকের ভিড় । চারপাশে মুহুর্মুহু উচ্ছ্বাস । খেলোয়াড়দের দৌড়ঝাঁপের সঙ্গে ভেসে আসছে হাডুডুর চিরচেনা ডাক—‘কাবাডি, কাবাডি...’ । 

আশাপুর, সড়কঘাটা ও চরবিনোরড়া গ্রামবাসীর উদ্যোগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আশাপুর বাজার মাঠে হা-ডু-ডু খেলার আয়োজন করা হয় ।

খেলায় মুখোমুখি হয় ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের সোনালী ক্লাব ও বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী স্পোর্টিং ক্লাব । দুই দলের আক্রমণ ও প্রতিরোধে দর্শকদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাসৎ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নিজেদের নৈপুণ্য প্রদর্শন করেন খেলোয়াড়েরা ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২নং ইউপি চেয়ারম্যান আবু মো. আসাদুর রহমান মিঠু । খেলার উদ্বোধন করেন প্রাণ কোম্পানির এরিয়া ম্যানেজার মো. শামীম হোসেন । এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

আয়োজকেরা বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন । মোবাইল ও প্রযুক্তিনির্ভর বিনোদনের বাইরে তরুণদের মাঠমুখী করতে হাডুডুর মতো দেশীয় খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com