জয়পুরহাটে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় ‘এনগেজ’ প্রকল্প

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জয়পুরহাট সদর উপজেলার তিনটি ইউনিয়নে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা তৈরির পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নতুন একটি প্রকল্প বাস্তবায়ন করছে পিপলস ইউনিয়ন অব দ্য মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামেটা)।

‘Environmental Human Rights for a Just Transition: Strengthened Local CSOs Transforming Climate Hotspots into Resilient Communities (ENGAGE)’ শীর্ষক প্রকল্পটি একনজরে পামেটা-এনগেজ প্রকল্প হিসেবে পরিচালিত হচ্ছে। প্রকল্পটির মেয়াদ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।

প্রকল্পের আওতায় জয়পুরহাট সদর উপজেলার ধলাহার, দোগাছী ও ভাদসা ইউনিয়নকে নির্ধারণ করা হয়েছে। এতে প্রত্যক্ষভাবে প্রায় ৫৯০টি পরিবার ও ১২ হাজার ৯০০ জন মানুষ উপকৃত হবেন।

প্রকল্পের প্রধান লক্ষ্য হলো আদিবাসী নারী, কৃষক ও যুবকদের মধ্যে জলবায়ু পরিবর্তন ও মানুষসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, নিজ অধিকার প্রতিষ্ঠায় অংশগ্রহণমূলক নেতৃত্ব বিকাশ এবং আদিবাসীদের বিলুপ্তপ্রায় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে উদ্যোগ গ্রহণ।

প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন, মানুষসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত ঝুঁকি বিষয়ে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, স্থানীয় অংশগ্রহণমূলক উদ্যোগ ও নেটওয়ার্কিং জোরদার করা হবে। পাশাপাশি আদিবাসীদের ভূমি অধিকার, পরিবেশবান্ধব জীবিকায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং বিলুপ্তপ্রায় আদিবাসী সংস্কৃতি সংরক্ষণে সাংস্কৃতিক দল গঠন, বিভিন্ন পার্বণ উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এ ছাড়া প্রকল্পের মাধ্যমে পামেটার সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রকল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন হৈমন্তী সরকার। জেনারেল ম্যানেজার ও কমিউনিটি কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন মো. শাহাবুর রহমান। কমিউনিটি অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন সুমি রাণী ও বিমল চন্দ্র পাহান।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলা, অধিকার প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com