স্বাধীনতার পর মেলেনি উন্নয়ন, সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী শ্রীকুটা-শাকির মোহাম্মদ সড়ক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি:

স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীকুটা-শাকির মোহাম্মদ সড়কটির কোনো উন্নয়ন হয়নি।

 দীর্ঘদিনের অবহেলা আর সংস্কারের অভাবে রাস্তাটি এখন সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে ৬ নং চুনারুঘাট ও ৭ নং উবহাটা ইউনিয়নের সীমান্তবর্তী এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। 

দীর্ঘদিন ব্যবহার করতে না পারায় অনেক জায়গায় সড়কের অস্তিত্ব বিলীনের পথে, এমনকি অনেকে এই সড়কের নাম পর্যন্ত ভুলতে বসেছেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়কটি শাকির মোহাম্মদ বাজারের পশ্চিম অঞ্চল এবং শ্রীকুটা পূর্বদিকের মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই কাঁচা রাস্তায় কোনো পিচ বা ইটের সলিংয়ের ছোঁয়া লাগেনি।

এলাকায় জোর গুঞ্জন রয়েছে, অতীতে এই সড়কটি উন্নয়নের জন্য দুই দুইবার সরকারি বাজেট এসেছিল। কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে ৭ নং উবহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাব্বির হোসেন সেই বাজেট অন্য সড়কে সরিয়ে নিয়ে উন্নয়নমূলক কাজ করান। 

ফলে শ্রীকুটা-শাকির মোহাম্মদ সড়কটির ভাগ্যে আর উন্নয়ন জোটেনি। রাজনৈতিক ও প্রশাসনিক অবহেলার কারণে বছরের পর বছর ধরে কাদা-মাটি আর খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে।

 বিশেষ করে বর্ষাকালে এই দুর্ভোগ চরম আকার ধারণ করে।ভুক্তভোগী এলাকাবাসী জানান, সড়কটি পাকা না হওয়ায় তারা উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে পারেন না এবং জরুরি কোনো রোগীকে হাসপাতালে নেওয়াও দুঃসাধ্য হয়ে পড়ে।

অবশেষে এই চরম জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে চুনারুঘাট-মাধবপুর আসনের বর্তমান সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। 

অবিলম্বে এই সড়কটি সংস্কার ও পাকাকরণের মাধ্যমে হাজার হাজার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবের জন্য জোর দাবি জানিয়েছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com