গাজীপুর বিআরটিএ কে গাজীপুরবাসির জন্য অভিশাপ বললেন গাজীপুর-২ এর এমপি রনী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরবাসীর দীর্ঘদিনের জনদুর্ভোগের অন্যতম কারণ হিসেবে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া, দীর্ঘসূত্রতা ও এর নেতিবাচক প্রভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মনজুরুল করিম রনি।

তিনি বলেন, “বিআরটি প্রকল্প গাজীপুরবাসীর জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।”

গাজীপুর থেকে রাজধানী ঢাকামুখী সড়কটি দেশের অন্যতম ব্যস্ত সড়কপথ। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কর্মস্থল, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসহ নানা প্রয়োজনে এই সড়ক দিয়ে রাজধানীতে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে বিআরটি প্রকল্পের নির্মাণকাজ চলমান থাকায় সড়কের বিভিন্ন অংশে যানজট, ধীরগতির যান চলাচল এবং দীর্ঘ সময়ের যাতায়াতের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে উল্লেখ করেন এমপি রনি।

তিনি বলেন, একটি উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের জীবনযাত্রাকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও গতিশীল করা। কিন্তু কোনো প্রকল্প বাস্তবায়নের কারণে যদি বছরের পর বছর সাধারণ মানুষকে যানজট, সময়ক্ষেপণ ও নানা ধরনের দুর্ভোগের মধ্যে থাকতে হয়, তাহলে সেই প্রকল্পের বাস্তবায়ন পদ্ধতি, ব্যবস্থাপনা, সমন্বয় এবং জনদুর্ভোগ লাঘবে গৃহীত কার্যকর পদক্ষেপ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে।

এমপি রনি আরও বলেন, গাজীপুর-ঢাকা মহাসড়ক শুধু গাজীপুরবাসীর যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম নয়; দেশের অর্থনীতি ও রাজধানীকেন্দ্রিক কর্মযাত্রার ক্ষেত্রেও এ সড়কের গুরুত্ব অপরিসীম। ফলে দীর্ঘস্থায়ী নির্মাণকাজের কারণে সৃষ্ট যানজট ও যোগাযোগের ধীরগতি মানুষের কর্মঘণ্টা নষ্ট করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনেও বিরূপ প্রভাব ফেলছে।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিআরটি প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত, সুশৃঙ্খল ও সমন্বিতভাবে সম্পন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে প্রকল্পের কাজ চলমান থাকা অবস্থায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, বিকল্প ব্যবস্থাপনা জোরদার করা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর ও বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এমপি রনি বলেন, উন্নয়ন মানুষের কল্যাণের জন্য—মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য নয়। তাই প্রকল্পের কাজ দ্রুত শেষ করে গাজীপুরবাসীকে দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com