শ্রীপুরে অপপ্রচারের অভিযোগে এক নারীর বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে এক বিএনপি নেতাকে সালিশের পাওনা টাকা দিয়ে ভিডিও ধারণ করে চাঁদাবাজি বলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে।
অভিযুক্ত নারী দারিয়াপুর ইউনিয়নের চরমহেশপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রইচ উদ্দিন মৃধার স্ত্রী নাজমা বেগম বলে দাবি করেছেন স্থানীয় দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ।
এ ঘটনায় শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের সামনে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে ওই নারীর অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বিএনপি নেতা রফিকুল ইসলাম প্রদীপ। সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান, পারিবারিক জমিজমা সংক্রান্ত ও গাছ বিক্রির টাকা নিয়ে নাজমা বেগমের সঙ্গে তার দেবর ও ভাসুরদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে বিষয়টি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী নাজমা বেগমের কাছ থেকে পাওনা টাকা গ্রহণ করেন রফিকুল ইসলাম প্রদীপ। সেই টাকা লেনদেনের একটি ভিডিও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে চাঁদাবাজি বলে অপপ্রচার চালাচ্ছেন নাজমা বেগম।
ভুক্তভোগী বিএনপি নেতা এটিকে তার সম্মানহানি ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার হিসেবে দাবি করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।