পাঁচবিবিতে সাঁওতাল জাতির অস্তিত্ব রক্ষায় করণীয় শীর্ষক কর্মশালা ও আলোচনা সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বেলপুকুর গ্রামে সাঁওতাল জাতির অস্তিত্ব রক্ষায় মাঞ্জহি ও মাঞ্জহি কমিটির করণীয় বিষয়ক দিনব্যাপী কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার দিনব্যাপী বেলপুকুর গ্রামে এই কর্মশালার আয়োজন করে স্থানীয় গ্রামবাসী। "বাংলাদেশ সারিধরম গাঁওতা" সংগঠনের সার্বিক সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলপুকুর গ্রামের মাঞ্জহি বাবা ও সারিধরম গাঁওতার কেন্দ্রীয় নেতা দানিয়াল হাঁসদা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিধরম গাঁওতার কেন্দ্রীয় কমিটির সভাপতি চুন্নু টুডু । বিশেষ অতিথি ছিলেন নরেশ হেমব্রম, হাবিল মার্ডি, নগেন হাঁসদা সহ বিভিন্ন গ্রামের মাঞ্জহি বাবা গন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বেলপুকুর সহ আশপাশের গ্রামের শতাধিক সাঁওতাল নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাঁওতালরা এদেশের আদি ভূমিপুত্র। নিজস্ব ভাষা, সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্য নিয়ে টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ। এ জন্য মাঞ্জহি কমিটিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের অধিকার রক্ষা, জমি রক্ষা এবং তরুণ প্রজন্মের মাঝে সারিধরম ও সংস্কৃতি চর্চা ছড়িয়ে দিতে মাঞ্জহিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বক্তারা আরও বলেন, সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সচেতন সমাজের সহযোগিতা পেলে সাঁওতাল জাতি তাদের অস্তিত্ব রক্ষায় এগিয়ে যাবে।