হাটে হাটে যাচ্ছে ঘিওর হাটের মুরগি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি :

মুরগি বিক্রিই অনেকের জীবিকার প্রধান অবলম্বন । প্রতি বুধবার ঘিওর হাটে মুরগি কিনে পরদিনই তা নিয়ে ব্যবসায়ীরা ছুটে যান বিভিন্ন বাজারে । কেউ যান বরংগাইল হাটে, কেউ আবার পাড়ি দেন জেলার বাইরের বাজারে । এক হাটে কেনা মুরগি পৌঁছে যায় আরেক হাটে, আর তার সঙ্গে এগিয়ে চলে বহু পরিবারের জীবিকার চাকা ।

প্রায় ২০০ বছরের ঐতিহ্যের ঘিওর হাট বসে প্রতি বুধবার । জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে এই হাটে । অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়কের কোলঘেঁষা বরঙ্গাইল হাট বসে সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার ।

ঘিওর হাটের মুরগির গন্তব্য অবশ্য শুধু বরঙ্গাইল নয় । মানিকগঞ্জের বিভিন্ন হাট-বাজার ছাড়িয়ে এসব মুরগি পৌঁছে যায় দেশের অন্য প্রান্তেও । বুধবার হাটের দিন ঘিওরে জমে ওঠে পাইকারি কেনাবেচা । চাহিদা ও বাজারদর বুঝে ব্যবসায়ীরা মুরগি নিয়ে ছড়িয়ে পড়েন বিভিন্ন গন্তব্যে ।

তথ্যভিত্তিক বিভিন্ন অনলাইন সূত্রের হিসাবে, মানিকগঞ্জ জেলায় ১৬৬টি হাট ও বাজার রয়েছে । ঘিওর, বায়রা, বরংগাইল, ঝিটকা ও সিংগাইরের মতো বড় বাজারকে ঘিরে গড়ে উঠেছে নানা ধরনের ব্যবসা । এসব হাট-বাজার শুধু পণ্য কেনাবেচার স্থান নয়, গ্রামীণ অর্থনীতিরও গুরুত্বপূর্ণ কেন্দ্র । এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে প্রতিবছর প্রায় ৫৪টি মেলা বসে ।

ঘিওর হাট থেকে বরংগাইল হাটের দূরত্ব প্রায় সাত কিলোমিটার । তাই অনেক ব্যবসায়ী বুধবার ঘিওর থেকে তুলনামূলক সুবিধাজনক দামে মুরগি কিনে পরদিন বরংগাইল হাটে বিক্রি করেন । কেউ আবার চাহিদা অনুযায়ী মুরগি নিয়ে যান অন্য হাট কিংবা দূরের বাজারে ।

এই বেচাকেনার সঙ্গে জড়িয়ে আছে পরিবহন, শ্রম ও সরবরাহের কাজও । ফলে মুরগির এই ছোট ব্যবসাকে ঘিরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা চলছে অনেক পরিবারের ।

এক হাট থেকে আরেক হাটে যায় মুরগি । বদলায় গন্তব্য, বদলায় হাট-বাজার । তবে বদলায় না মুরগি ব্যবসায়ীদের ছুটে চলা—জীবিকার তাগিদ ।

ঘিওর হাট থেকে বের হওয়া প্রতিটি চালানের সঙ্গে তাই শুধু মুরগি নয়, এক বাজার থেকে আরেক বাজারে পাড়ি দেয় বহু মানুষের সংসারের হিসাবও ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com