জয়পুরহাটে সংগ্রাম ও সফলতার ২৫'বছরে এসডিএস
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবিতে নির্ভরতা ও আস্থার প্রতীক হিসেবে গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল ডেভলপমেন্ট সার্ভিস (এসডিএস)। প্রতিষ্ঠার পর থেকেই কঠোর পরিশ্রম, সংগ্রাম ও সফলতার সাথে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সংগঠনটির কর্মকর্তা-কর্মচারীগণ।
এরই ধারাবাহিকতায় সংগঠনের গৌরবময় পথচলার ২৫'বছর পূর্তি উপলক্ষে পরিচালনা কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালনা কমিটির সভাপতি আলী আহসান আল মাসুম চৌধুরী। সভায় বক্তারা বলেন, ২৫ বছরের এই দীর্ঘ পথচলা কঠোর পরিশ্রম, সততা, সংগ্রাম ও সফলতায় ভরা। আগামী দিনে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে আরও দায়িত্বশীলতার সাথে কাজ করে সংগঠনের উন্নয়ন, মান ও মর্যাদা বৃদ্ধিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সুভাষচন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, অর্থ সম্পাদক মোঃ শামসুল আলম, নির্বাহী সদস্য প্রভাষক মোঃ রফিকুল ইসলাম চৌধুরী শাহিন, মোছাঃ কুলসুম নাহার ও মোছাঃ শিউলি আক্তার সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।