জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় মানিকগঞ্জে স্বাস্থ্যসেবা কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :
জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত ও স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়াতে মানিকগঞ্জে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলনকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এ কর্মশালার আয়োজন করে ।
কর্মশালায় ধর্ষণের শিকার ব্যক্তিদের ক্লিনিক্যাল ব্যবস্থাপনা, জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তিদের চিকিৎসাসেবা, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের দায়িত্ব, সেবা সমন্বয় এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) নিয়ে আলোচনা হয় ।
আয়োজকেরা জানান, জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তিদের সেবায় জাতীয় প্রটোকল, প্রশিক্ষণ কার্যক্রম ও চিকিৎসাসেবা নির্দেশনা সম্প্রসারণ করা হয়েছে । সেবার মান নিশ্চিত করতে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব রেপ মডিউল, ডিজিটাল গাইড ও অ্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা-সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রতিবেদন তৈরিতে DHIS2-ভিত্তিক রিপোর্টিং ব্যবস্থাও চালু রয়েছে ।
কর্মশালায় বলা হয়, জাতীয় প্রটোকল বাস্তবায়ন ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে ২০২৫ সালে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রণয়ন করা হয় । এতে সেবা দেওয়ার পদ্ধতি, সংশ্লিষ্টদের দায়িত্ব, সময়সীমা ও মানদণ্ড নির্ধারণ করা হয়েছে ।
মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আল আজিজের সভাপতিত্বে কর্মশালায় অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডা. মো. এনামুল হক, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. বাহাউদ্দিন এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ।
বিষয়ভিত্তিক আলোচনা করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের সাবেক মহাপরিচালক আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, উপপরিচালক ড. রেজওয়ান আহমেদ ও মো. দবির আল কাদের, জেন্ডারভিত্তিক জাতীয় কমিটির সদস্য ডা. রাহাত আরা নুর, জেন্ডার বিশেষজ্ঞ ডা. এ জি এম মাসুকুর রহমান এবং স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. গোলাম রাফি ।
কর্মশালায় জাতীয় প্রটোকল, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব রেপ মডিউল ও এসওপি সম্পর্কে অংশগ্রহণকারীদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সমন্বিত ক্লিনিক্যাল ও মনোসামাজিক সেবা, আন্তঃখাত সমন্বয় এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদারের বিষয়েও আলোচনা হয় ।
দিনব্যাপী কর্মশালায় সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, জেলা প্রশাসন ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নারী ও শিশু বিষয়ক সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য অংশীজন অংশ নেন ।