গঙ্গাচড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা: প্রধান আসামিসহ ৫ জন গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ এএম
রফিকুল ইসলাম সাবুল :রংপুর প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ সুখীমনিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি তার স্বামীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় ও লালমনিরহাটে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মামলার প্রধান আসামি ও নিহতের স্বামী মো. শামীম মিয়া (২৪), ২ নম্বর আসামি মো. সাজু মিয়া (৫০), ৩ নম্বর আসামি মোছা. আফরোজা বেগম (৪৬), ৬ নম্বর আসামি মোছা. সাথী বেগম (২২) এবং ৯ নম্বর আসামি মো. আমিনুল গাটিয়া (৬০)।
এসআরবি-১৩ জানায়, রংপুরের গঙ্গাচড়া থানাধীন চিল্লানির মাজার এলাকায় যৌতুকের দাবিতে সুখীমনিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালে শামীম মিয়ার সঙ্গে সুখীমনির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই শামীম ও তার পরিবারের সদস্যরা দুই লাখ টাকা যৌতুকের দাবিতে সুখীমনির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-মীমাংসাও হয়।
এজাহারে আরও বলা হয়, গত ১১ সেপ্টেম্বর রাতে শামীম ও তার পরিবারের লোকজন সুখীমনির ওপর নির্যাতন শুরু করেন। পরদিন রাত আনুমানিক দেড়টার দিকে ২ নম্বর কোলকন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম মোবাইল ফোনে সুখীমনির পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর জানান। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে সুখীমনির গলায় আঘাতের কালো দাগ দেখতে পান।
এ ঘটনায় নিহতের মা রওশরা বেগম বাদী হয়ে ১২ সেপ্টেম্বর গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১৬।
মামলার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে এসআরবি-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে পঞ্চগড়ের বোদা থানার মালিপুকুরি গ্রামে অভিযান চালায় এসআরবি-১৩-এর সিপিএসসি, রংপুরের একটি দল। সেখানে সাথী বেগম ও আমিনুল গাটিয়াকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৬টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ থানার কাশিরাম গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শামীম মিয়া, ২ নম্বর আসামি সাজু মিয়া ও ৩ নম্বর আসামি আফরোজা বেগমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী অধিনায়কের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন।