খাবার খাওয়ার পর অচেতন ১০ পুলিশ সদস্য, তদন্তে পুলিশ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
তানভীর আজাদ, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ১০ জন পুলিশ সদস্য। এর মধ্যে কয়েকজন অচেতন হয়ে পড়লে তাঁদের দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনরত সদস্যরা একসঙ্গে রাতের খাবার খান। খাবার গ্রহণের কিছু সময় পরই তাঁরা পেটে অস্বস্তি ও অসুস্থতা বোধ করতে শুরু করেন। মুহূর্তের মধ্যে কয়েকজন সদস্য অচেতন হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম তাৎক্ষণিকভাবে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পুরো পরিস্থিতির খোঁজখবর নেন।
খাদ্যে বিষক্রিয়া (ফুড পয়জনিং) বা অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত করতে ক্যাম্পের রান্না করা খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মামুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো বিষয়টি বর্তমানে গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, "খাবারে কোনো সমস্যা ছিল কি না কিংবা অন্য কোনো কারণে তাঁরা অসুস্থ হয়েছেন, তা ল্যাবরেটরি পরীক্ষা ও তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত করে বলা সম্ভব হবে।"
এই আকস্মিক ঘটনায় এলাকায় এবং পুলিশ বিভাগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অসুস্থ পুলিশ সদস্যদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে ।
আরও পড়ুন
রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ
সোনারগাঁও মেঘনা নদীতে চার বন্ধু গোসল করতে নেমে তিনজন নিখোঁজ, জমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার
রাজশাহীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে রাজপাড়া থানায় মামলা গ্রেপ্তার ২