সাংবাদিক আমানকে হেনস্তার অভিযোগে ৪ সদস্যের তদন্ত কমিটি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদে তথ্য সংগ্রহের সময় দৈনিক কালবেলার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি ও ক্ষেতলাল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আমানুল্লাহ আমানের সঙ্গে স্থানীয় কয়েকজন দলীয় নেতাকর্মীর অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষেতলাল প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ভুক্তভোগী সাংবাদিকের মৌখিক অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ঘটনাটি তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আজিজার রহমান। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাংবাদিক হাসান আলী, সহ-সভাপতি মিজানুর রহমান, আজিজুল হক, মাহমুদুল হাসান রকেট, এসএম মিলন, আবু হাসান, শাহিনুর রহমান শাহিন, হানিফ সরদার, দেলোয়ার হোসেন বাবুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।
গঠিত তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে ঘটনাটি তদন্ত করে লিখিত প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে সাংবাদিক আমানুল্লাহ আমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হলে এবং অপরপক্ষের দায় প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর সংবাদ বর্জনসহ প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, প্রেসক্লাবের কোনো সদস্য কোথাও অনিয়মে জড়িত থাকলে বিষয়টি প্রথমে প্রেসক্লাব কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। প্রেসক্লাব বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেবে। তবে প্রেসক্লাবকে অবহিত না করে কোনো সদস্যকে হেনস্তা বা হয়রানি করা হলে তার প্রতিবাদে সংবাদ বর্জনের পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সাংগঠনিকভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।