গঙ্গাচড়ায় দুই ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম
রফিকুল ইসলাম সাবুল (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গংগাচড়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে পরিমাপে ত্রুটি পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত গংগাচড়া উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআই, রংপুরের সহযোগিতায় ফিলিং স্টেশনগুলোর ডিজেল, অকটেন ও পেট্রোলের পরিমাপ যাচাই করা হয়।
অভিযানকালে মেসার্স শিহাব ফিলিং স্টেশন-এর একটি ইউনিটে এবং মেসার্স মামুনুর রশীদ পেট্রোলিয়াম-এর তিনটি ইউনিটে পরিমাপে ত্রুটি পাওয়া যায়।
এ ঘটনায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ও ৪৬ ধারায় মেসার্স শিহাব ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা এবং মেসার্স মামুনুর রশীদ পেট্রোলিয়ামকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পাশাপাশি উভয় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ভবিষ্যতে সঠিক পরিমাপ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
গংগাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।