জয়পুরহাট পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে গোলজার হোসেন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
আসন্ন জয়পুরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী হিসেবে জোর আলোচনায় চলছে জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন। তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন কর্মী-সমর্থকরা। দলীয় সূত্রে জানা যায়, জেলা উপজেলা এমনকি কেন্দ্রীয় হাইকমান্ডের নেতারা গোলদার হোসেনের নামটাই বারবার উচ্চারণ করছে। কারণ হিসেবে তারা বলেন যে বিগত আওয়ামী লীগ সরকারের 17 বছর মামলা মোকদ্দমা ফেরারি জীবনযাপন করতে হয়েছে এই নেতাকে। এ সময় তাকে সামাজিক পারিবারিক ভাবে ব্যাপক অর্থনীতির ক্ষতির সম্মুখে হতে হয়েছে। অনেক নেতাকর্মী আবার মন্তব্য করেন ফেরারি জীবনে নিজেকে রক্ষা করায় দুষ্কর তারপরও তিনি জেলা উপজেলা এমন কি তৃণমূলের নেতাকর্মীদেরও সার্বিক্ষণ খোঁজখবর নিয়েছেন। এজন্য নেতাকর্মীর একই কথা দুর্দিনে যিনি আমাদের আগলে রেখেছিলেন আগামীতে তাকেই পৌর পিতার দায়িত্ব দেওয়া হোক। এমন নেতাকে আমরা সবাই চাই হলেও মন্তব্য করেন অনেকে।
জানা গেছে, জয়পুরহাট জেলা সদরে জন্ম ও বেড়ে ওঠা মোঃ গোলজার হোসেন ৯০'দশক থেকে ছাত্রদলের রাজনীতির মধ্যদিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি বিএনপির তৃণমূল থেকে জেলা পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এবং জয়পুরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার কারণে বিভিন্ন সময়ে রাজনৈতিক মামলার শিকার হয়েছেন তিনি এবং কারাবরণও করেছেন একাধিক বার। রাজনৈতিক প্রতিহিংসার কারণে পারিবারিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তিনি কখনো দল এবং নেতাকর্মীদের কখনো ছেড়ে যায়নি।
মেয়র পদে নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে গোলজার হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপি করার কারণে জীবনে অনেক কষ্ট ও আর্থিক ক্ষতির শিকার হয়েছি। তবুও কখনো বিএনপি এবং বিএনপির নেতাকর্মীদের ছেড়ে যাইনি। সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতায় আমি জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে ইচ্ছুক।”
তিনি আরও বলেন, “মেয়র নির্বাচিত হতে পারলে জয়পুরহাট পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করব। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত পৌরসভা গড়ে তুলতে চাই।”
তবে জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে তার মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন স্থানীয় নেতাকর্মীরা।